বরিশালে পুলিশের গুলিতে ‘ডাকাত’ আহত
বরিশালে পুলিশের গুলিতে আহত সন্দেহভাজন এক ডাকাতসহ দুইজন আটক হয়েছে।
রোববার গভীর রাতে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া মতাশা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসেন।
আটককৃতরা হলেন ওই ইউনিয়নের মকুন্দপট্টির স্বরূপ আলীর ছেলে মো. জুয়েল (৩৫) ও ঝালকাঠির মো. ওয়াসিম (৩২)।
এসআই বলেন, ঢাকায় ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম বাবুলের বাড়িতে ডাকাতির পরিকল্পনা করা হচ্ছে এমন তথ্য ছিল গোয়েন্দা পুলিশের কাছে।
“গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় টহল দিচ্ছিল পুলিশের একটি দল। রাত আনুমানিক আড়াইটার দিকে রফিকুলের একতলা বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢোকে একদল ডাকাত। বাইরে অবস্থান করে আরও চার থেকে ছয়জন।”
এ সময় অভিযান চালালে ডাকাতরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে বলে জানান এসআই দেলোয়ার।
তিনি বলেন, আত্মরক্ষার জন্য পুলিশ চার রাউন্ড গুলি করলে ডাকাত জুয়েল আহত হন। জুয়েল ও ওয়াসিমকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।
“গুলিবিদ্ধ জুয়েলকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসআই দেলোয়ার।
রাতে গৃহকর্ত্রী ও তার মেয়ে বাড়ি ছিলেন বলেও তিনি জানান।
