২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুত নেতাসহ যশোরে নিখোঁজ ৩ ভাই-বোন ফিরেছে

পুলিশের নিখোঁজ তালিকায় থাকা হিজবুত তাহরীরের এক নেতাসহ যশোর সদরের তিন ভাই-বোন ফিরেছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আনিসুর রহমান।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 11:40 AM

Updated : 12 Apr 2022, 03:00 AM

এরা হলেন- তানজিব ওরফে আশরাফুল, তানজির আহমেদ ও মাসুমা আক্তার; সবাই যশোর শহরের পুরাতন কসবা কদমতলার আব্দুল আজিজের সন্তান।

এদের মধ্যে তানজিব হিযবুত তাহরীরের ‘মোশরেক’ সদস্য ও বাকিরা সংগঠনটির কর্মী।

সোমবার সকালে এসপি আনিসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার মাস আগে পোস্টার ছাপিয়ে যে ১১ জনের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছিল, তাদের মধ্য থেকে এই তিন ভাই-বোন পুলিশের কাছে হাজির হয়েছেন।

এর আগে ৯ জুন যশোরের পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে ১১ জনের নামে পোস্টার ছাপানোর কথা জানিয়ে তাদের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানান। ওই পোস্টারে শুধু আটজনের ছবিসহ পরিচয় ছিল, বাকিদের পরিচয় থাকলেও ছবি দেওয়া হয়নি।

এই তিন জন ছাড়া সেই তালিকার এক পরিবারের বাকিরা হলেন- আবদুল আজিজের আরেক মেয়ে মাকসুদা খাতুন, তার স্বামী শাকির আহম্মেদ ও ফিরে আসা মাসুমার স্বামী নাজমুল হাসান।

বাকি পাঁচজন হলেন- রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ১৭ নম্বর বাড়ির মুসাব্বির ওরফে প্রকাশ ওরফে তন্ময় (৩০), ঢাকার আশকোনা দক্ষিণখান ৪০১ কলেজ রোডের হারেজ আলী (২৭), যশোরের মণিরামপুরের জিএম নাজিমউদ্দিন ওরফে নকশা নাজিম, চাঁচড়া বেড়বাড়ির মহিউদ্দিন এবং শার্শার মেহেদি হাসান ওরফে জিম ওরফে হুসাইন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তানজিব হিজবুত তাহরীরের নেতৃস্থানীয় ‘মোশরেক’ সদস্য এবং তিনি নিজের বাসায় হারেজ আলীকে সঙ্গে নিয়ে অন্যদের ‘জঙ্গি প্রশিক্ষণ’ দিতেন।

গত বছর তানজিব, তানজির ও মাসুমাকে আটক করলেও সংশ্লিষ্ট সরকারি কৌঁসুলিরা জামিনের বিরোধিতা না করায় আদালত তাদের জামিন দেয়।

পুরনো খবর:

যশোরে পুলিশের পোস্টারে এক পরিবারের ৬ ‘জঙ্গি’