ঠাকুরগাঁওয়ে কালী মন্দিরের গাছে ঝুলন্ত লাশ
ঠাকুরগাঁও শহরের শ্মশান কালী মন্দিরের লিচু বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার এসআই কমল কুমার ঘোষ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার সকালে তারা লাশটি উদ্ধার করেন।
নিহত গোকুল চন্দ্র দাশ (৫০) ওই মন্দিরের নৈশপ্রহরী মুকুল চন্দ্র দাসের ছোট ভাই। গোকুল সাইকেল মেকানিক ছিলেন। শহরের কলেজপাড়ায় তার বাসা।
এসআই কমল বলেন, “লিচুবাগানের একটি গাছে লাশটি ঝুলছিল। তার হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”
এটি হত্যাকাণ্ড কি না সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি এই পুলিশ সদস্য। স্থানীয়ভাবে জমি নিয়ে বিরোধ ও পারিবারিক কলহের কথা শোনা গেলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
এ ঘটনায় গোকুলের স্ত্রী ও ছোট মেয়েকে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে এসআই কমল জানান।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
