২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমের ফাঁদে ফেলে ব্যবসায়ীকে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে ‘প্রেমের ফাঁদে ফেলে’ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে নারীসহ চারজনকে আটক করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 08:53 PM

Updated : 20 Aug 2022, 01:49 PM

রোববার দুপুর দেড়টার দিকে নগরীর ডিঙ্গাডোবা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার ও ওই চারজনকে আটক করা হয় বলে এক সংবাদ সম্মেলনে জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম।

উদ্ধার আব্দুর রহিম (৩৩) গোদাগাড়ী উপজেলার কাশিমপুর গ্রামের লোকমান আলীর ছেলে।

আটককৃতরা হলেন অপহরণ চক্রের হোতা নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবার আব্দুর রাজ্জাকের স্ত্রী শোভা খাতুন (২৩), তার সহযোগী বোয়ালিয়া থানার ভদ্রার শহর আলীর ছেলে জাহিদ হোসেন (৩০), শিরোইলের খালেক মাতবরের ছেলে আকবর আলী (১৮) ও একই এলাকার আইয়ুব আলীর ছেলে ডলার (১৯)।

সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা বলেন, ব্যবসায়ী আব্দুর রহিমের সঙ্গে শোভা খাতুনের মোবাইলে পরিচয় হয়। এর সূত্রে রহিমকে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শনিবার নিজ বাসায় ডেকে নেয় শোভা।

“সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা জাহিদ, আকবর ও ডলার তাকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে শোভার সঙ্গে আপত্তিকর ছবি মোবাইল ফোনে ধারণ করে।

“পরে তারা রহিমের স্ত্রী ও ভাইয়ের কাছে ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে; আর না হলে প্রাণনাশের হুমকিসহ ছবি ইন্টারনেটে প্রকাশ করার হুমকি দেয়।”

এ ব্যাপারে রহিমের স্ত্রী র‌্যাবে অভিযোগ করলে অভিযান চালিয়ে নগরীর ডিঙ্গাডোবা এলাকা থেকে তাকে উদ্ধার ও চার অপহরণকারীকে আটক করা হয় বলে জানান তিনি।