ওসমানী মেডিকেলের শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সহকর্মীর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে ছয় ঘণ্টা পর রোববার সন্ধ্যায় কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়ে তারা কাজে যোগ দিয়েছেন বলে জানান শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের যুগ্ম আহ্বায়ক রাহাত বিন আমিন।
পরিষদের আহ্বায়ক বনি ইয়ামিন খানের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রোববার দুপুর ১২টা থেকে কর্মবিরতির ডাক দেন শিক্ষানবিশ চিকিৎসকরা।
রাহাত বলেন, প্রশাসন হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় নিয়ে আসার আশ্বাস দেওয়ায় কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে।
শুক্রবার দুপুরে রিকাবীবাজার এলাকায় বনি ইয়ামিন খানের উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনায় রাতেই সজিব দাস নামে একজনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে।
