বন্দরে আগুনের কারণ তদন্তে কমিটি
বেনাপোল স্থলবন্দরের পণ্যাগারে আগুনের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে বন্দর কর্তৃপক্ষ।
স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেন রোববার দুপুর ১টার দিকে এ তথ্য জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণে নৌ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাফায়েত হোসেনকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে।
কমিটির অন্য সদস্যদের নাম তাৎক্ষনিকভাবে জানাতে না পারলেও তারা সোমবার থেকে কাজ শুরু করবে বলে জানান পরিচালক নিতাই চন্দ্র।
রোববার ভোর ৬টায় স্থলবন্দরের পণ্যাগারের ২৩ নম্বর শেডে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ওই শেডে আমদানি করা প্রসাধনী ও বিভিন্ন ধরনের রাসায়নিক মজুদ করা ছিল বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।
