২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈরে যমুনা গ্রুপের একটি স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 08:53 AM

Updated : 11 Oct 2022, 08:48 PM

পুরনো খবর:

গাজীপুরে অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে ২ তদন্ত কমিটি
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রোববার ভোর সোয়া ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ওই কারখানার ডেনিম রিসাইক্লিং প্ল্যান্ট থেকে আগুনের সূত্রপাত হয়।

ছয় ঘণ্টা চেষ্টার পর বেলা সাড়ে ১১টার দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও কারখানার ভেতরে বিভিন্ন অংশ তখনও জ্বলছিল বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান।

তিনি বলেন, কালিয়াকৈর, জয়দেবপুর, ধামরাই ও সাভারের ইপিজেড ফায়ারস্টেশনের ১৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আখতারুজ্জামান বলেন, কারখানার রিসাইক্লিং প্ল্যান্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে তা উইভিং ও ফিনিশিং সেকশনসহ তুলার গুদামে ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে রিসাইক্লিং প্ল্যান্টের দীর্ঘ টিনশেড কাঠামো ধসে পড়ে বলে প্রত‌্যক্ষদর্শীরা জানান। 

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কারও হতাহত হওয়ারও খবর পাওয়া যায়নি।  

২০০২ সালে প্রতিষ্ঠিত যমুনা স্পিনিং মিলস লিমিটেডে প্রতিদিন ২৪ হাজার কেজি সুতা উৎপাদন করা যায়। এ কারণার মোট কর্মী সংখ‌্যা ১২০০ বলে কোম্পানির ওয়েবসাইটের তথ‌্য।  

কারখানার ডিজিএম মো. আলমগীর হোসেন জানিয়েছেন, একজন কর্মকর্তাসহ আনুমানিক ১৩ জন রাতের পালায় সেখানে কাজ করছিলেন। আগুন লাগার পরপরই তারা সবাই নিরাপদে বেরিয়ে আসেন।