২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে ২ তদন্ত কমিটি

গাজীপুরের কালিয়াকৈরে যমুনা গ্রুপের স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে দুটি তদন্ত কমিটি হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 12:58 PM

Updated : 20 Aug 2022, 01:49 PM

রোববার অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস এ দুটি তদন্ত কমিটি গঠন করে।

জেলা প্রশাসনের পাঁচ সদস‌্যের তদন্ত কমিটিতে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামকে প্রধান করা হয়েছে।

আর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচ সদস‌্যের তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন উপ-পরিচালক মো. জহুরুল আমিন।

রাহেনুল ইসলাম জানান, তাদের পাঁচ কার্যদিবসের মধ‌্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অন‌্যদিকে ফায়ার সার্ভিসের কমিটি তদন্তের জন‌্য ১০ দিন সময় পেয়েছে বলে জহুরুল আমিন জানান।

রোববার ভোর সোয়া ৫টার দিকে কালিয়াকৈরের সফিপুর এলাকায় ওই কারখানার ডেনিম রিসাইক্লিং প্ল্যান্ট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা উইভিং ও ফিনিশিং সেকশনসহ তুলার গুদামে ছড়িয়ে পড়ে।

বেলা সাড়ে ১১টার দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও কারখানার ভেতরে বিভিন্ন অংশ তখনও জ্বলছিল বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এক কর্মকর্তাসহ ১৩ জন কর্মী রাতের পালায় কারখানায় থাকলেও আগুন লাগার পর তারা নিরাপদে বেরিয়ে আসেন বলে কারখানার ডিজিএম মো. আলমগীর হোসেন জানান।