২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরের পণ‌্যাগার পুড়ল

বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল বন্দরের পণ‌্যাগারে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 08:42 AM

Updated : 11 Oct 2022, 08:48 PM

স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেন জানান, পণ‌্যাগারের ২৩ নম্বর শেডে রোববার ভোর ৬টায় আগুন লাগে।

তিন ঘণ্টা চেষ্টার পর সকাল সোয়া ৯টার দিকে আগুন ছড়িয়ে পড়া বন্ধ হয়। এরপর বেলা সাড়ে ১২টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কওছার আলী জানান।

ওই শেডে আমদানি করা বিভিন্ন ধরনের রাসায়নিক মজুদ করা ছিল বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন। বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেনের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে আগুন লেগেছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে নৌ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাফায়েত হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ২৩ নম্বর শেড থেকে ধোঁয়া উঠতে শুরু করে এবং পরে সেখানে আগুন জ্বলে ওঠে। এক পর্যায়ে আগুন বন্দর শেড থেকে পাশের বেনাপোল পোর্ট থানা ভবনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার ব্রিগেড বেনাপোল স্টেশনের একটি ইউনিট শুরুতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ঝিকরগাছা, যশোর ও মণিরামপুরের ছয়টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ২৩ নম্বর শেডে রাখা পণ‌্যের পাশাপাশি গুদামের পাশে খোলা আকাশের নিচে রাখা বিভিন্ন মালামাল ভস্মিভূত হয়। পণ‌্য খালাস করে গুদামের পাশে রাখা তিনটি ভারতীয় ট্রাকও পুড়ে যায়।

ওসি অপূর্ব হাসান জানান, থানার বেশ কিছু কাগজপত্র আগুনে পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

অগ্নিকাণ্ডের পরও বেনাপোল বন্দর দিয়ে পণ্য ও যাত্রী পরিবহন ‘স্বাভাবিক’ রয়েছে বলে দাবি করেন বন্দরের পরিচালক নিতাই চন্দ্র।

বন্দর কর্তৃপক্ষ বৈদ‌্যুতিক গোলযোগের সন্দেহের কথা বললেও বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলছেন, পরিকল্পিতভাবে আগুন লাগানোর সন্দেহ তারা উড়িয়ে দিতে পারছেন না।

“এর আগেও বেনাপোল বন্দরে এভাবে সন্দেহজনক আগুন লেগেছে। প্রতিবারই বন্দর কর্তৃপক্ষ শর্ট সার্কিটের কথা বলেছে।”

সরকারি তথ‌্য অনুযায়ী বাংলাদেশ-ভারতের বাণিজ্যের প্রায় ৭০ থেকে ৮০ ভাগ বেনাপোল স্থলবন্দর দিয়ে হয়ে থাকে। বছরে প্রায় ১২ লাখ পাসপোর্টধারী যাত্রী ও দেড় লাখ ট্রাক পণ্য নিয়ে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে যাতায়াত করে।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তথ‌্য অনুযায়ী, গত অর্থবছর বেনাপোল হয়ে ১৭ লাখ ৬৪ হাজার টন পণ্য আসা-যাওয়া করেছে।