নারায়ণগঞ্জে ডাকাতের সঙ্গে গোলাগুলি, এসআই আহত
নারায়ণগঞ্জে ডাকাতের সঙ্গে পুলিশের গোলাগুলিতে এক এসআই আহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছে চারজন।
শনিবার সকালে শহরের খানপুর সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম।
পুলিশ গ্রেপ্তারকৃতদের নাম বলেনি।
এসআই বলেন, ডাকাত দেলোয়ার হোসেন দেলু ও তার লোকজন শহরের খানপুর সরদারপাড়ায় তাদের সহযোগী বিল্লাল হোসেনের বাড়িতে পূর্বশত্রুতাবশত হামলা করে। সে সময় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালালে পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে দেলু ও তার লোকজন।
“পুলিশও পাল্টা গুলি করলে একটি গুলি দেয়ালে লেগে ফিরে এসে এসআই মনিরুজ্জান মনিরের বুকে লাগে। এ সময় দেলু পালিয়ে যেতে সক্ষম হয়।”
আহত এসআইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহমুদুল ইসলাম বলেন, শনিবার সকালের এ ঘটনার পর সেখান থেকে ২৬০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া একটি চাইনিজ কুড়াল ও দুটি ছুরি উদ্ধার করা হয় বলে তিনি জানান।
