বাগেরহাটে বাড়িতে ঢুকে ডাকাতির পর আটক ৪
বাগেরহাটের রামপালে এক মাদ্রাসা সুপারের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে ডাকাতেরা।
এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
রামপাল থানার ওসি বেলায়েত হোসেন জানান, শনিবার ভোরে রামপাল উপজেলার ফয়লা সুফিয়া দাখিল মাদ্রাসার সুপার খলিলুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। উজলকুড় ইউনিয়নের রণসেন গ্রামে তার বাড়ি।
আটকরা হলেন- মংলার আমির আলী খানের ছেলে মোতাচ্ছিন খান (৫২), রামপালের ভরসাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল কাদের (২৭), সদরের কালিয়া গ্রামের শেখ আবু সুফিয়ানের ছেলে শেখ সুমন হোসেন (৩২) ও একই গ্রামের শেখ আসাদুর রহমানের ছেলে শেখ রবিউল ইসলাম (৩০)।
খলিলুলের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ভোর ৪টার দিকে ৬/৭ জন ডাকাত ওই বাড়ির গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। তারা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ হাজার টাকা ও চার ভরি সোনার গয়না লুট করে।
ওসি জানান, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় খলিলুর চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। তারা চারজনকে ধরে পিটুনি দেয়।
“খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে। লুট হওয়ার মালামালের মধ্যে তিন হাজার টাকাও উদ্ধার করা হয়।”
আটক চারজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
