২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন: পরবর্তী শুনানি ৩ অক্টোবর

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের দুই মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডলকে জেরা সম্পন্ন করেছে আসামি পক্ষের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারয়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2016, 07:38 PM

Updated : 11 Oct 2022, 08:47 PM

বৃহস্পতিবার মামলার নির্ধারিত দিনে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ ও এম এম রানার  আইনজীবী তাকে জেরা করেছে।

আর মামলার প্রধান আসামি নূর হোসেনের আইনজীবীর অসমাপ্ত জেরা পরবর্তী ধার্য্য দিন ৩ অক্টোবর হওয়ার কথা রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন।

এদিকে গত জেরার দিন খাবার নিয়ে নূর হোসেনের ও র‌্যাব সদস্য এমদাদের হাতাহাতির ঘটনায় মধ্যাহ্ন ও নামাজের বিরতিতে আসামিদের পুলিশ হাজতখানায় রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান,সেখানে তাদের জেলখানা থেকে সরবরাহ করা চিড়া ও গুড় খেতে দেওয়া হয়। তবে সেগুলো খেতে রাজি না হওয়া পরে কলা ও রুটি খাওয়ানো হয়েছে। 

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।

ওয়াজেদ আলী খোকন বলেন, তদন্ত কর্মকর্তাকে আসামি পক্ষের আইনজীবীরা জেরা সম্পন্ন করেন। মামলার প্রধান আসামি নূর হোসেনের পক্ষের আইনজীবী খোকন সাহা তদন্ত কর্মকর্তা জেরা শুরু করলেও আদালত তার জেরা অসমাপ্ত রেখে আগামী ৩ অক্টোবর পরবর্তী তারিখ রাখে।

এদিকে গত জেরার তারিখে আদালতের কাঠগড়ায় মধ্যাহ্ন ও নামাজের বিরতিতে খাবার নিয়ে আসামি নূর হোসেনের সঙ্গে আরেক আসামি র‌্যাবের হাবিলদার এমদাদের হাতাহাতির ঘটনায় আদালত তাদেরকে সর্তক করে দিয়েছে বলে জানান তিনি।

ওই ঘটনার পর আসামিদের পুলিশের হাজতখানায় পাঠানো হয়েছে বলে পিপি ওয়াজেদ আলী খোকন জানান।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ সাত জনকে অপহরণ করা হয়। তিন দিন পর তাদের লাশ উদ্ধার করা হয় শীতলক্ষ্যা নদী থেকে।

ওই ঘটনায় নজরুল ইসলাম ও তার ৪ সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আরেকটি মামলা করেন ফতুল্লা মডেল থানায়। প্রায় এক বছর তদন্ত শেষে ৩৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।