বগুড়ায় নারী মাদক বিক্রেতার যাবজ্জীবন
বগুড়ায় এক নারী মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত শিউলী বেগম (২৫) শহরের সেউজগাড়ী রেল কলোনি এলাকার বেলাল হোসেনের স্ত্রী।
একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদয়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) নাসিমুল করিম হলি জানান।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর শহরের সেউজগাড়ী রেল কলোনি এলাকায় অভিযান চালিয়ে ১৪৪ গ্রাম হেরোইন ও ১৬৫ ইয়াবাসহ শিউলীকে আটক করে পুলিশ।
“এ ঘটনায় বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসআই ফেরদৌস আলম বাদী হয়ে মামলা করেন। একই বছর ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।”
