বিয়ের নিমন্ত্রণ দিয়ে ডেকে এনে বন্ধুকে হত্যা চেষ্টা
বিয়ের নিমন্ত্রণ দিয়ে বন্ধুকে কুমিল্লা থেকে গাইবান্ধায় ডেকে এনে হত্যা চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ছাপরহাটি ফকিরপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানান সুন্দরগঞ্জ কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোকলেছুর রহামান।
আটক মো. শাহজালাল নুরী (২৩) সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালেরটারি গ্রামের আবু ছালেহর ছেলে।
উদ্ধার তারেক মাহবুব মুন্না (২২) কুমিল্লার তিতাস উপজেলার সাগরফেনা গ্রামের আব্দুল করিমের ছেলে।
উপ-পরিদর্শক মোকলেছুর জানান, শাহজালাল দুই বছর আগে ঢাকায় এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং পড়তে যান। সে সময় তারেক মাহবুবও ঢাকায় একটি ট্যোবাকো কোম্পানিতে চাকরি করতেন। মিরপুরে পাশাপাশি মেসে থাকার সময় তাদের পরিচয় ও বন্ধুত্ব গড়ে উঠে।
“পড়াশোনা করা অবস্থায় শাহজালাল মাদকাসক্ত হয়ে পড়লে প্রায় ছয়মাস আগে বাড়ি ফিরে আসেন। কিন্তু মাহবুবের সঙ্গে তার যোগাযোগ ছিল। ঈদের পর বন্ধু মাহবুবকে মোবাইলে ফোন করে নিজের বিয়ের নিমন্ত্রণ করেন শাহজালাল।
“নিমন্ত্রণ পেয়ে বুধবার সকালে মাহবুব গাইবান্ধা আসেন। শাহজালাল বন্ধুকে নিয়ে ফকিরপাড়া গ্রামে অবস্থিত ‘সোনার বাংলা’ নামের একটি এনজিও’র পরিত্যক্ত ঘরে নিয়ে তার কাছ থেকে ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন কেড়ে নেন।”
তিনি বলেন, পরে তারা আরও দুই লাখ টাকা আনার জন্য তাকে বাড়িতে ফোন করতে বললে তিনি অস্বীকৃতি জানালে তারা মারধর শুরু করে।
“এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা চালালে তিনি চিৎকার দেন। চিৎকার শুনে এলাকাবাসী গিয়ে শাহজালালকে আটক করে। এ সময় অন্যান্যরা পালিয়ে যায়।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাহবুবকে উদ্ধার করে উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
ঘটনাস্থল থেকে একটি ছোরা, খালি বস্তা ও রশি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান জানান, তাকে শুধু হত্যাই নয় লাশ গুম করার জন্য ওই এনজিও অফিসের মেঝেতে গর্তও খনন করা হয়েছিল।
