জালিয়াতির মামলায় ভূমি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪
নেত্রকোণায় জালিয়াতির মাধ্যমে জমি আত্মাসতের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান, তার স্ত্রী ও ভূমি অফিসের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেত্রকোণা মডেল থানার এসআই আল আমীন জানান, বুধবার দুদকের ময়মনসিংহ কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের করা মামলায় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- নেত্রকোণা সদর ভুমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা বিনয় চন্দ্র সেন (৪৫), উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. মনিরুল হক (৪৫), মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদরুজ্জাহান খান মানিক (৫৫) ও তার স্ত্রী হোসনে আরা খানম রীনা (৫০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই বলেন, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্যক্তিগত ও সরকারি সম্পত্তি নামজারি করে ভোগদখল ও আত্মসাত এবং আত্মসাতকারীকে সহযোগিতার অভিযোগে দুদক তাদের বিরুদ্ধে মামলা করে।
“বিকাল সাড়ে ৪টার দিকে বিনয় ও মনিরুলকে তাদের অফিস থেকে, বাদরুজ্জাহান ও তার স্ত্রীকে নেত্রকোণা শহরের সাতপাই এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।”
পরে চারজনকে নেত্রকোণা আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান এসআই।
