২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সংঘর্ষ, আহত ৩০

কুষ্টিয়ার মিরপুরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2016, 12:14 AM

Updated : 20 Aug 2022, 01:47 PM

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মিটন গ্রামে স্থানীয় ঝন্টু ও রাজা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দীন স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুরে মিটন গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে স্থানীয় প্রভাবশালী দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আবারও বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে দু’পক্ষ।

এক পর্যায়ে লাঠিশোটা, রামদা ও হাসুয়া নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। রামদা ও হাসুয়ার কোপে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয় বলে স্থাসীয়রা জানান, বলেন ওসি।

তিনি জানান, আহত জুব্বার আলী (৫৫), মোবারক আলী (৩৮), সোহেল রানা (২৩), ঝন্টু মিয়া (৪২), মোহাম্মদ আলী (৩৯), তাহাজ উদ্দীন (৪৮), আবু জোয়াদ্দার (৩২) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।

কুষ্টিযা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজিব শাহরিয়ার বলেন, আহতদের সবার হাতে পায়ে, বুকে পেটে ধারালো অস্ত্রের কোপের আঘাত দেখা গেছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাদের অন্ত্রপচার কক্ষে নেওয়া হয়েছে।