২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৯ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নয় লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় কাউকে আটক করা যায়নি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2016, 11:44 PM

Updated : 20 Aug 2022, 01:45 PM

মঙ্গলবার রাত ৯টার দিকে সাবরাং ইউনিয়নের নাফ নদীর মোহনায় এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টাগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান।

লেফটেন্যান্ট নাফিউর বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে কোস্টগার্ড সদস্যরা রাতে সাবরাং ইউনিয়নের নাফ নদীর মোহনায় অভিযান চালায়।

মিয়ানমার দিক থেকে আসা একটি ডিঙ্গি নৌকা নাফ নদীর মোহনায় পৌঁছলে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য সংকেত দেন। পাচারকারীরা ডিঙ্গি নৌকাটি ফেলে অন্য একটি ইঞ্জিন চালিত জলযান করে পালিয়ে যায় বলে জানান তিনি।

পরে ডিঙ্গি নৌকাটি তল্লাশি করে নয় লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এগুলোর মূল্য ৪৫ লাখ টাকা বলে জানান তিনি।

বুধবার সকালে সংবাদ সম্মেলনে অভিযানের ব্যাপারে জানানো হবে বলে জানান লেফটেন্যান্ট নাফিউর।