দিনাজপুরে মুক্তিযোদ্ধাকে বেওয়ারিশ হিসেবে দাফন
দিনাজপুরে এক মুক্তিযোদ্ধাকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।
মুক্তিযোদ্ধা আব্দুল লতিফকে (মুক্তিবার্তা নম্বর ০৩০৮১০৬৮৬, ভোটার নম্বর ৮৩৪) বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় বলে জানিয়েছেন তার ছেলে মমিনুল ইসলাম।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে লাশ উত্তোলন করে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি জানান তিনি।
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত ৫ সেপ্টেম্বর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল লতিফ।
এ ঘটনায় আব্দুল লতিফের ছেলে মমিনুল ইসলাম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বরারব একটি লিখিত অভিযোগ করেছেন।
জেলা প্রশাসন বিষয়টি তদন্ত করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বরারব লিখিত অভিযোগে মমিনুল বলেন, গত ৫ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা তুলে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। পথচারীরা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।
এ সময় ভাতা উত্তোলনের বইটি তার সঙ্গে ছিল জানিয়ে তিনি বলেন, “তার মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ ভাতার বইটির মাধ্যমে পরিচয় জানার পরও বেওয়ারিশ হিসেবে লাশ পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে দাফন করে।”
ঘটনার সময় মমিনুল দিনাজপুরে ফুলবাড়ী উপজেলার জামগ্রামে নিজ বাড়িতে ছিলেন বলে জানান।
এ বিষয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতাল থেকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে জানানো হয়েছিল, কিন্তু তিনি আব্দুল লতিফের পরিচয় নিশ্চিত করতে এগিয়ে আসেননি।
“এরপরও অভিযোগ খতিয়ে দেখতে ডা. আমীর আলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।”
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক গজনবী অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে তাদেরকে কেউ কোনো কিছু জানায়নি।
মুক্তিযোদ্ধাকে বেওয়ারিশ হিসেবে দাফনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক খায়রুল আলম।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম রাব্বিকে প্রধান করে গঠিত ওই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
