রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহী নগরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
রোববার দুপুরে নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান।
নিহত রাকিবুল ইসলাম (২৫) গোদাগাড়ী উপজেলার মহাদেবপুরের আসগর আলীর ছেলে।
এ ঘটনায় আহত সাকিব হোসেন (২১) গোদাগাড়ী বামনাহাল এলাকার মাইনুল ইসলামের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি জিল্লুর বলেন, মোটরসাইকেলে করে রাজশাহী বাইপাস হয়ে নাটোর যাচ্ছিলেন দুই বন্ধু। নওদাপাড়া আমচত্বর পেরিয়ে বিআরটিএ অফিসের সামনে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন তারা।
“আহত অবস্থায় স্থানীয়রা তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাকিবুলকে মৃত ঘোষণা করেন।”
