২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার মৈনটে হাতছানি ভ্রমণ পিপাসুদের

পদ্মার কোলে সাঁঝের ডুবে যাওয়া সূর্য দেখতে পর্যটকদের ভিড় জমে উঠেছে। ঢাকার দোহারের মৈনট ঘাটের এ এলাকাটি স্থানীয়দের কাছে ‘ছোট কক্সবাজার’ নামে পরিচিত।

আসাদুজ্জামান সুমন

দোহার-নবাবগঞ্জ-কোরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2016, 01:30 PM

Updated : 11 Oct 2022, 08:45 PM

সরকারি পর্যায়ে এখনও পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি না মিললেও ভ্রমণ পিপাসুদের কাছে মৈনট ঘাট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

স্থানীয় প্রশাসন বলছে, আশপাশে বিনোদন কেন্দ্র না থাকায় সরকারি ছুটি ছাড়াও প্রতিদিন হাজার হাজার পর্যটক এ ঘাটে বেড়াতে আসেন।

চর মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকাসহ দোহার ও আশেপাশের উপজেলাগুলো থেকে প্রতিদিনই হাজার হাজার পর্যটক এখানে আসে। দিন দিন সে সংখ্যা বাড়ছে।

এবারের ঈদের ছুটিতে লক্ষাধিক পর্যটক এখানে ঘুরে গেছে বলে তিনি জানান।      

তিনি জানান, দোহারে হাতেগোনা কয়েকটি বিনোদন কেন্দ্র থাকায় মানুষের পছন্দের তালিকায় মৈনট ঘাটের পদ্মার পাড় বেশ জনপ্রিশ হয়ে উঠেছে। তবে বর্ষাকালে পদ্মা দেখতে বেশি মানুষ আসে।

সরেজমিনে মৈনট ঘাটে গিয়ে দেখা যায়, পর্যটকরা স্পিডবোট, ট্রলার আর নৌকায় করে ঘুরছে পদ্মায়। কেউ কেউ আবার তীরেও ঘুরে বেড়াচ্ছে। সেখানে গড়ে উঠেছে বিভিন্ন দোকান। মিলছে হরেক রকম জিনিষ।

শিশুদের জন্য রয়েছে খেলনা, চটপটি ফুসকাসহ রয়েছে নানা পদের খাবারের  দোকান। পাশেই নাগরদোলায়  দোল খাচ্ছে নানা বয়সী মানুষ।

সারাদিন আনন্দ শেষে বিকালে সূর্যাস্ত দেখে ঘরে ফেরেন তারা।

মা- বাবার সঙ্গে ঘুরতে আসা সাওদা খন্দাকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলা থেকে দুইটা বেলুন কিনছি, একটি গাড়ি কিনছি, পাঁপড় খাইছি, ঝালমুড়ি খাইছি, পানিতে হাঁটছি। খুব মজা লাগছে।”

তার মা সুমাইয়া খন্দকার বলেন, “পরিবার নিয়ে এখানে ঘুরতে এসে অনেক ভালো লাগছে। মৈনট ঘাট আসলেই ছোট কক্সবাজার। অসংখ্য বিনোদন প্রেমিদের ভিড়ে মুখরিত এই পদ্মার পাড়। আর নাগরদোলায় চড়ার মজাই আলাদা।”

ঢাকা থেকে আসা প্রান্ত বলেন, “মৈনট ঘাট থেকে পদ্মার বিশাল জলরাশি দেখে মনে হয় এটি কক্সবাজার। ফেসবুকে ছবি দেখে এখানে ঘুরতে এসেছিলাম। বাস্তবে এটি আরও অনেক বেশি সুন্দর।”

মৈনট ঘাটের আকর্ষণের মধ্যে জেলেদের শিকার করা ইলিশসহ নানা প্রজাতির টাটকা দেশি মাছও রয়েছে।

বর্তমানে চারজন ইজারাদার ঘাট পরিচালনার দায়িত্বে রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে তাদের অভিযোগ।

মৈনট ঘাটের ইজাদার মো. ফারুক পেসকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন কোটি টাকা দিয়ে চারজন মিলিতভাবে ঘাটের ডাক নিয়েছি। তবে উপজেলা প্রশাসন আমদের তেমন কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। ”

এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আলামিন বলেন, “এ ঘাট কোনো পর্যটন এলাকা নয়। তরপরও এ ঘাটে প্রতিদিনই অসংখ্য পর্যটকদের সমাগম হওয়ায় এবার এখানে একটি আর্সেনিকমুক্ত টিউবওয়েল, একটি ছাওনি, একটি পুরুষ টয়লেট ও একটি মহিলা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।”

সম্প্রতি মৈনট ঘাটের পদ্মায় গোসলে নেমে ঢাবির দুইছাত্রসহ পুরান ঢাকার দুই তরুণ ডুবে মারা যাওয়ার ঘটনায় ঘাটে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে।

দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. রাকিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি ঘোষিত কোনো পর্যটন এলাকা না হলেও পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তার কথা বিবেচনা করে ঘাটে সবসময় নজরদাড়ির জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি দুর্ঘটনা এড়াতে পদ্মার পাড়ে বিভিন্ন সতর্কতামূলক বিজ্ঞপ্তি টানানো হয়েছে ও ঝুঁকিপূর্ণ স্থান শনাক্ত করে বাঁশে লাল নিশান দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।