বুড়িগঙ্গায় নৌকাডুবি: নিখোঁজ আরেক যুবকের লাশ উদ্ধার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নৌকাডুবির তিন দিন পর নিখোঁজ আরেক যুবকের লাশ ভেসে উঠেছে বুড়িগঙ্গায়।
কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. সামসুল আলম জানান, শনিবার রাতে উপজেলার কাওটাইল এলাকায় নদী থেকে গৌতম চন্দ্র রায় নামে ২৮ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
গৌতম ঢাকার ওয়ারীর ৪৮ নম্বর উত্তর মৌসুন্দি এলাকার থাকতেন। তার সঙ্গে নিখোঁজ হওয়া সুব্রতর লাশ শুক্রবার সন্ধ্যায় পোস্তগোলা এলাকায় নদী থেকে উদ্ধার করে পুলিশ।
বুধবার রাতে বুড়িগঙ্গা পার হওয়ার সময় নৌকা ডুবে নিখোঁজ হন সুব্রত ও গৌতম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
এসআই সামসুল জানান, গৌতম ও সুব্রত সম্পর্কে মামা-ভাগ্নে। তারা পেশায় চিত্রগ্রাহক। পুরান ঢাকার নয়াবাড়িতে ভিডিও রেকর্ডিং ও সম্পাদনার একটি দোকান চালাতেন তারা।
স্বজনদের অনুরোধে গৌতমের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
