কক্সবাজারে জামিনে বের হয়ে গুলি, আহত ৩
কক্সবাজার শহরে জেল থেকে জামিনে বের হওয়া এক আসামির গুলিতে শিশুসহ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে পূর্ব পাহাড়তলির ইউসুলের ঘোনা এলাকার মোহাম্মদ ইয়াছিনকে (২৪) গ্রেপ্তার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার এসআই মো. আব্দুর রহিম।
এর আগে শুক্রবার রাতে গুলিবিদ্ধ হন ওই এলাকার আসমা হোসনা সোহাগী (২২), মিনারা বেগম (১৬) ও ১৬ মাসের তুষার।
এসআই রহিম বলেন, ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া পূর্ব পাহাড়তলির মো. ওয়াসিম সম্প্রতি জামিনে বের হন। বের হওয়ার পর ওয়াসিম শুক্রবার রাতে গ্রামের এক সালিশে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনেন যে তাকে অকারণে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে।
“সালিশের একপর্যায়ে ওয়াসিম ও তার লোকজন প্রতিপক্ষের লোকজনকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি করে। এতে শিশু ও নারীসহ তিনজন গুলিবিদ্ধ হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।”
শনিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. ইয়াছিন নামে একজনকে আটক করে বলে তিনি জানান।
