২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পতাকা না তোলায় প্রধান শিক্ষক বরখাস্ত

জাতীয় পতাকা উত্তোলন না করায় খাগড়াছড়ির মাটিরাংগা উপজেলার একটি স্কুলের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2016, 05:54 PM

Updated : 20 Aug 2022, 01:43 PM

শনিবার মাটিরাংগা রেসিডেনশিয়াল স্কুলের প্রধান শিক্ষক কেফায়েত উল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে জানান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়াকুব আলী চৌধুরী।

একইসঙ্গে তাকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ইয়াকুব আলী বলেন, পরিচালনা কমিটির তাৎক্ষণিক বৈঠকের সিদ্ধান্তে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে বিকালের বৈঠকে আবার আলোচনা হবে।

মাটিরাংগা আদর্শ বহুমুখী সমবায় সমিতি বিদ্যালয়টি পরিচালনা করে আসছে বলে জানান তিনি।

এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, সকালে নিয়মিত অ্যাসেম্বলির সময় জাতীয় পতাকার রশিটি ছিঁড়ে যায়। নতুন রশি আনার জন্য গেলে স্বল্প সময়ের ব্যবধানে স্থানীয় কিছু লোক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করে।

“খবর পেয়ে মাটিরাংগা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান স্কুলে এসে জাতীয় পতাকা উত্তোলন না দেখে আমাকে তার অফিসে নিয়ে যান।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জাতীয় সঙ্গীত, পতাকা এবং  প্রতীক আদেশ ১৯৭২ সংশোধনী ২০১১(ক) মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রধান শিক্ষককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।