বরিশালে লঞ্চ ডুবি: আরও এক লাশ উদ্ধার
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে লঞ্চ ডুবে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে নলশ্রী খাল এলাকা থেকে ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদারের (৪০) লাশ উদ্ধার করা হয় বলে জানান বানারীপাড়া থানার এসআই জামাল হোসেন।
সৈয়দকাঠী গ্রামের হামেদ হাওলাদারের ছেলে জাকির ধান-চালের ব্যবসা করতেন।
ওই লঞ্চ ডুবির ঘটনায় এ পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পুলিশের হিসাবে মাইনুল ইসলাম রাজু (২০) নামে এক কলেজছাত্র এখনও নিখোঁজ রয়েছেন।
এসআই জামাল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জাকির হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে দীর্ঘ সময় পানিতে থাকায় লাশে পচন ধরেছে।
গত ২১ সেপ্টেম্বর বানারীপাড়া থেকে উজিরপুরের হাবিবপুর যাওয়ার পথে দাশেরহাটের মসজিদ বাড়ি এলাকায় সন্ধ্যা নদীতে ডুবে যায় ‘এমএল ঐশী’ নামের লঞ্চটি। পরের দিন সকালে লঞ্চটি টেনে তোলে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’।
এদিকে লঞ্চ ডুবির ঘটনায় মালিক ও চালকের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শনিবার মেরিন কোর্টে মামলাটি করেন।
এর আগে শুক্রবার ওই দুইজনকে আসামি করে বানারীপাড়া থানায় আরও একটি মামলা করে পুলিশ।
মামলার বাদী বলেন, লঞ্চটি অবৈধভাবে একটি ট্রলারের কাঠামো পাল্টে তৈরি করা হয়েছে। এর কোনো অনুমোদিত নকশা, সার্ভে সনদ, রেজিস্ট্রেশন ও সময়সূচি নেই।
তাছাড়া ঘটনার সময় যানটিতে অতিরিক্ত যাত্রী ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।
