২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদুল্লাপুরে প্রতিমা ভাংচুর, হুমকি দিয়ে চিঠি

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাত হামলাকারীরা। এছাড়া ভক্তদের হুমকি দিয়ে চিঠিও দেওয়া হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2016, 07:51 PM

Updated : 12 Apr 2022, 02:55 AM

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পূর্ব কেশালীডাঙ্গা মন্দিরে এ ঘটনা ঘটে বলে সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান।

মন্দিরের সভাপতি ত্রিপদ চক্রবর্তীর বরাত দিয়ে ওসি বলেন, রাত দেড়টার দিকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে এসে মন্দিরের গেট ভাঙার চেষ্টা করে।

“এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে দেখা যায় দুর্গা উৎসব উপলক্ষ্যে মন্দিরে নির্মাণাধীন প্রতিমার ডান হাত ভাঙা এবং হাতে লেখা একটি চিঠি মেঝেতে পড়ে আছে।”

ওই চিঠিতে লেখা আছে- ‘তোমরা পূজা অর্চনা কর না, মূর্তি পূজা অর্চনা করা শেরেক, মূর্তি পূজা করলে তোমাদের কেউ রক্ষা করতে পারবে না, আমাদের নির্দেশ মোতাবেক তোমাদের চলতে হবে।’

চিঠির শেষ অংশে ইংরেজিতে লেখা ‘নিউ জেএমবি’।

মন্দিরের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, ঘটনাটি তদন্ত ও হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে