সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
সিলেটে সড়ক পরিহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।
গত বুধবার সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনার পর বাসে আগুন দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছিল মালিক শ্রমিকদের এই সংগঠনটি।
সেলিম আহমদ ফলিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্মঘট নিয়ে সিলেট মহানগর পুলিশ সদর দপ্তরে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৈঠক হয়।
“বৈঠকে পুলিশ কমিশনারের কাছে আমাদের পক্ষ থেকে বাসে অগ্নিসংযোগকারীদের শাস্তি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উত্থাপন করা হয়। পুলিশ কমিশনার দাবি পূরণের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।”
বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় বাসচাপায় দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইউনুছ আলী ও দশহাল গ্রামের বাবুল মিয়ার ছেলে আব্দুস শহীদ মারা যান।
