দগ্ধ বাবার মৃত্যুর পর ছেলের বিরুদ্ধে হত্যা মামলা
ফরিদপুরে ‘ছেলের দেওয়া আগুনে’ দগ্ধ হয়ে এ টি এম রফিকুল হুদার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে।
বুধবার রফিকুল হুদার ভগ্নিপতি আকরামউদ্দিন বাদী হয়ে এ মামলা করেন বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিম উদ্দিন।
মামলায় রফিকুল হুদার কিশোর ছেলেকে একমাত্র আসামি করা হয়েছে বলে জানান তিনি।
মোটরসাইকেল চেয়ে না পেয়ে গত ১৫ সেপ্টেম্বর বিকালে ফরিদপুর শহরে কমলাপুরে বাবা ঘরে আগুন দেয় সদ্য এসএসসি উত্তীর্ণ ওই কিশোর। এতে রফিকুল গুরুতর দগ্ধ হন। আগুন নেভাতে গিয়ে আহত হন তার স্ত্রী সিলভিয়া হুদা।
দগ্ধ হওয়ার সাত দিন পর বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার ছোট ভাই রফিকুল হুদা।
ওসি বলেন, পুলিশ আসামিকে আইনের আওতায় আনার চেষ্টা করছে।
