২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বাকে মারধর, দফায় দফায় হামলা

জমির বিরোধে ঠাকুরগাঁও সদর উপজেলায় আট মাসের অন্তঃসত্ত্বাসহ তিনজনকে মারধর ও দফায় দফায় হামলা করে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 10:36 AM

Updated : 12 Apr 2022, 02:55 AM

মঙ্গলবার বিকেল ও রাতে জামালপুর ইউনিয়নের মহেষপুর গ্রামের আমতলিতে এ ঘটনা ঘটে বলে জানান জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী।

আহতরা হলেন ওই গ্রামের মোনারুল ইসলামের স্ত্রী অন্তঃসত্ত্বা আলেয়া বেগম (২০), ভাই মফিজুল ইসলাম (২৬) ও বোন আয়শা বানু (২৮)।

আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক সোহেল সরকার বলেন, আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আলেয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক।

চিকিৎসক তুষার বলেন, মফিজুলের মাথার বাম পাশে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। ক্ষতস্থানে আটটি শেলাই দেওয়া হয়েছে।

আয়শা বানু সুস্থ আছে জানান চিকিৎসক।

চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহেষপুর গ্রামের ২০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে মোনারুলের সঙ্গে স্থানীয় আবুল হোসেনের বিরোধ চলছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চেয়ারম্যান বলেন, বিরোধের জেরে আবুলের নেতৃত্বে একদল লোক ধারালো অস্ত্র নিয়ে মোনারুলের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে।

“এ সময় তারা মোনারুলের স্ত্রী অন্তঃসত্ত্বা আলেয়া ও মোনারুলের বোন আয়শাকে মারধর করে।”

চেয়ারম্যান নজরুল ইসলাম পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার

পরে রাত আড়াইটার দিকে আবুল হোসেনের ছেলে আহসান হাবীব জীবনসহ কয়েকজন আবারেও মোনারুলের বাড়িতে হামলা চালিয়ে মফিজুলকে জখম করে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানান চেয়ারম্যান।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মফিজুল ইসলামকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করায়।

মোনারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলে তিনি বাড়ি ছিলেন না। এ সুযোগে হামলা চালিয়ে চারটি ঘর ভাঙচুর করে।

“তারা আমার ট্রাক্টরের কিস্তি পরিশোধের জন্য সঞ্চয়কৃত প্রায় দুই লাখ টাকাসহ ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে। এতে বাধা দিলে সন্ত্রাসীরা আমার স্ত্রী ও বোনকে বেধড়ক মারধর করে।”

চিকিৎসাধীন মফিজুল বলেন, “ছোট ভাই মোনারুল বাড়ি না থাকায় আমি তার বাড়িতে ছিলাম। এ সময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে পালিয়ে যায়।”

নিজেকে প্রত্যক্ষদর্শী দাবি করে স্থানীয় অটো রাইস মিলের শ্রমিক মামুন আলী বলেন, সন্ত্রাসীরা একটি পিকআপ ভ্যানে করে ধারালো অস্ত্র নিয়ে আসে এবং মোনারুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আবুল হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।