২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অপহরণ মামলায় ২ জনের যাবজ্জীবন

ফেনীর এক মাদ্রাসাছাত্রকে অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 04:27 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

এছাড়া দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

মঙ্গলবার ফেনীর অতিরিক্ত দায়রা জজ নিলুফার সুলতানা দশ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন সাইফুল ইসলাম ও রিয়াজ। তারা পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ৮ জুন ফেনী সদরের লালপোল এলাকায় মহিসুন্নাহ ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী বদর উদ্দিন হায়দার সাজ্জাদকে মাদ্রাসা থেকে অপহরণ করা হয়। সাজ্জাদ ফেনী শহরের ডাক্তারপাড়ার এম এ হায়দারের ছেলে।

পরে অপহরণকারীরা সাজ্জাদের পরিবারের কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি ফরিদ আহম্মদ হাজারী জানান, এ ঘটনায় অপহৃতের ভাই জিয়া উদ্দিন হায়দার বাদী হয়ে ফেনী মডেল থানায় চার জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

“পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার ১৪ দিন পর সাজ্জাদকে উদ্ধার করে।” 

এপিপি ফরিদ জানান, ঘটনার পর থেকে পলাতক থাকা আসামিদের গ্রেপ্তারের দিন থেকে এ রায় কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।