২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 10:04 AM

Updated : 20 Aug 2022, 01:42 PM

মঙ্গলবার ভোরে উপজেলার দহগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানান বিজিবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী।

নিহত হজরত আলী (২৭) উপজেলার দহগ্রাম ইউনিয়নের ফকিরপাড়ার আমির হোসেনের ছেলে।

বিজিবি কর্মকর্তা হায়াতী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাত-আটজনের একদল বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গেলে বিএসএফ গুলি করে।

“গুলিতে হজরত আলীর মৃত্যু হয়। লাশ ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে।”

তাছাড়া তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান।

দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বলেন, বিএসএফ গুলি করার সময় ছয়-সাতজন পালিয়ে এলেও হজরত আলী মারা পড়ে। তার লাশ বিএসএফ নিয়ে গেছে।