নওগাঁয় অপারেশনের সময় প্রসূতির মৃত্যু, ক্লিনিকে ভাংচুর
নওগাঁর মান্দায় একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের সময় এক প্রসূতির মৃত্যুর পর ওই ক্লিনিকে ভাংচুরের ঘটনা ঘটেছে।
সোমবার সকালে চৌবাড়িয়া বাজারের অনন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাংচুরের এ ঘটনা ঘটে বলে থানার ওসি মোজাফফর হোসেন জানান।
রোববার রাত ১১টার দিকে সিজারিয়ান অপারেশনের সময় মারা যান নার্গিস আক্তার (২৪)।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্লিনিকের সেবিকা সালমা সুলতানা ও আয়া নাজনীনকে আটক করে বলে জানান তিনি।
নার্গিসের ভাই আব্দুর রাজ্জাক বলেন, সিজারিয়ানের জন্য রোববার বিকালে নার্গিসকে অনন ক্লিনিকে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানেই মারা যান নার্গিস।
“কিছু বুঝে উঠার আগেই কর্তব্যরত চিকিৎসক ও তার দুই সহযোগীসহ ক্লিনিক মালিক আশরাফুল ইসলাম সটকে পড়েন।’’
আর সেবিকা সালমা সুলতানা ও আয়া নাজনীন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের একটি কক্ষে আটক করে রাখা হয় বলে জানান তিনি।
সালমা সুলতানা বলেন, “রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক সারোয়ার আলম স্বরূপ অপারেশন করেন। অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির অবস্থা সংকটাপন্ন হলে তাকে অপারেশন টেবিলেই ফেলে রেখে ডাক্তারসহ অন্যরা পালিয়ে যান।”
এদিকে সংবাদ পেয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরিদ উজ জামান ও মেডিকেল অফিসার ফজলে রাব্বী ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, “অ্যানেসথেসিয়াজনিত ক্রটি ও অপারেশন থিয়েটারের অব্যবস্থাপনার কারণেই প্রসূতির মৃত্যু হয়েছে।”
এ বিষয়ে কথা বলার জন্য চিকিৎসক সারোয়ার আলম স্বরূপের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করে পাশ কাটিয়ে যান।
নওগাঁ সিভিল সার্জন মোজাহার হোসেন বলেন, এই ঘটনা তদন্তের জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদ উজ জামানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
