২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বজ্রপাতে নিহত ৩

কিশোরগঞ্জে বজ্রপাতে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 05:45 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

সোমবার দুপুরে নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নে সাজনপুর হাওরে বজ্রপাতে দুইজন ও সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাঠাখালি গ্রামে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এরা হলেন জারুইতলা গ্রামের আলী হোসেনের নুরুল ইসলাম (২৬) ও একই গ্রামের মৃত সুনাম উদ্দিনের ছেলে রুসমত আলী (৩৫) এবং সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাঠাখালি গ্রামের মৃত ইছব আলীর ছেলে নিজাম উদ্দিন (৬০)।

নিকলী থানারা ওসি মুঈদ চৌধুরী জানান, বেলা সাড়ে ১২টার দিকে সাজনপুর হাওরে বৃষ্টির মধ্যে মাছ ধরার সময় বজ্রপাতে চার জেলে গুরুতর আহত হন।

“আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বাজিতপুর উপজেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা নুরুল ইসলাম ও রুসমত আলী মৃত ঘোষণা করেন।”

আহত মোকারম হোসেন (২২) ও আসাদ মিয়া (৩০) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আর কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে নিজাম উদ্দিন ঘটনাস্থলে মারা যান বলে জানান সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন।