নেত্রকোণায় দেড় মণ গাঁজা উদ্ধার
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দুই বাড়ি থেকে মাটি খুঁড়ে প্রায় দেড় মণ গাঁজা উদ্ধারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার মধ্যরাতে কেন্দুয়া পৌরশহরের দিগদাইর বাগপাড়া থেকে তাদের আটক করা হয় বলে জানান কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব।
আটক দুইজন হলেন দিগদাইর বাগপাড়ার আব্দুল হাইয়ের ছেলে আসাদুল মিয়া (২৫) ও আব্দুল আলী (৬০)।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে আসাদুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরের ভেতরে মাটি খুঁড়ে দুটি প্লাস্টিকের বস্তায় আটটি প্যাকেটে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়।
“আসাদের স্বীকারোক্তি মোতাবেক তার প্রতিবেশী শহীদ মিয়ার বাড়ির মাটি খুঁড়ে পাওয়া যায় চারটি প্লাস্টিকের ড্রাম। ড্রামের ভেতরে ২০টি প্যাকেটে রাখা ৪০ কেজি গাঁজা পাওয়া যায়।”
অভিযানের খবর পেয়ে শহীদ ও তার স্ত্রী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি বলে জানান ওসি অভিরঞ্জন।
এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে বলেও তিনি জানান।
