প্রতিমা ভাংচুর: সিলেটে যুবকের পাঁচ বছরের দণ্ড
সিলেটে মন্দিরের প্রতিমা ভাংচুরের দায়ে এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত খলিলুর রহমান (২৫) নগরীর ছড়ারপাড় এলাকার মৃত আবদুল হান্নানের ছেলে। জামিন নিয়ে পলাতক রয়েছেন তিনি।
একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান সিলেটের সহকারী পাবলিক প্রসিকিউটর মাহফুজুর রহমান।
মামলার বরাত দিয়ে তিনি জানান, চলতি বছরের ২০ এপ্রিল সিলেট নগরীর চালিবন্দর মন্দিরে রক্ষিত শ্রী শ্রী ভৈরবের প্রতিমা ভাংচুরের সময় এলাকাবাসী খলিলুর রহমানকে আটক করে পুলিশে দেয়।
এ ঘটনায় মন্দিরের পুরোহিত সুশান্ত চক্রবর্তী বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
