২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মেয়েকে সম্পত্তি বেশি দেওয়ায় সমাজচ্যুত

বণ্টনে এক মেয়েকে সম্পত্তি বেশি দেওয়ায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক পরিবারকে সমাজচ্যুত করে বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 06:06 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

উপজেলার তালম ইউনিয়নের পাড়িল গ্রামের পূর্বপাড়ায় মেয়ের মধ্যে সম্পত্তি বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে সমাজচ্যুত করা হয় বৃদ্ধ হযরত আলীর (৭০) পরিবারকে।

সাতদিন ধরে পরিবারটির সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে গ্রামের লোকজন। ঈদের নামাজ পড়তে তাদের ঈদগা মাঠেও যেতে দেওয়া হয়নি। এমনকি সমাজ থেকে তাদের কোরবানির মাংসও দেওয়া হয়নি।

তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস উজ্জামান জানান, আলীর দুই মেয়ে। কোনো ছেলে নেই। সম্প্রতি তিনি দুই মেয়ের মধ্যে সম্পত্তি বাটোয়ারার করে দিয়েছেন।

“এ সময় তিনি ছোট মেয়েকে আট শতাংশ জমি বেশি দেন।  এর ফলে বড় জামাতা আব্দুর রাজ্জাকের পরামর্শে গ্রাম প্রধান মোহাম্মদ আলীর নেতৃত্বে মাতব্বররা ঈদুল আজহার আগের দিন হযরত আলীর পরিবারকে সমাজচ্যুত করেন।”

এছাড়া গ্রাম্য প্রধানদের সহযোগিতায় বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বেড়া দিয়ে পরিবারটিকে বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে জানান তিনি।

ইউপি চেয়ারম্যান বলেন, এ অভিযোগ পাওয়ায় পর বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও রাজ্জাক বৈঠকে উপস্থিত না হওয়ায় ঘটনাটি নিস্পত্তি সম্ভব হয়নি।

এ বিষয়ে হযরত আলী বলেন, “গ্রাম প্রধানরা সমাজচ্যুত করার ঘোষণা দিয়ে আমাদের পরিবারের কাউকে ঈদের নামাজ পড়তে যেতে দেয়নি। পরিবার পরিজন নিয়ে আমরা অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছি।”

এ ব্যাপারে তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মোবাইল ফোনে বলেন, “এমন কোনো তথ্য আমাদের জানা নেই। থানায় বিষয়টি নিয়ে কেউ অভিযোগও করেনি।”  

এ ব্যাপারে গ্রাম প্রধান মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হযরত আলী দুই মেয়ের মধ্যে সম্পত্তি সমানভাবে বন্টন না করায় সমাজে আমরা সবাই বসে কয়েকবার সালিশ করি। তারপরও কোনো সমাধান না হওয়ায় আমরা তাকে সমাজ থেকে বের করে দিই।”

ঈদের নামাজ পড়তে না দেওয়ার কথা তিনি অস্বীকার করে বলেন, সমাজে থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। এরপর তিনি । ঈদ জামাতে গেলেন কি না তা তার জানা নেই।