নারী নির্যাতনের মামলায় ফেনীতে যুবলীগ নেতা গ্রেপ্তার
বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে ফেনীর সোনাগাজীতে যুবক ও গৃহবধূকে নির্যাতনের মামলায় এক যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিাবর গভীর রাতে ফেনী শহরের ডাক্তারপাড়ার শ্বশুরবাড়ি থেকে নুরুল ইসলাম ভুট্টুকে (৩৮) গ্রেপ্তার করা হয়। ভুট্টু সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।
মামলার বরাত দিয়ে সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, পরকিয়া সম্পর্কের অভিযোগ তুলে এক প্রবাসীর স্ত্রী ও স্থানীয় এক যুবককে আটক করে এলাকার কয়েকজন লোক। পরে তাদেরকে চেয়ারম্যান ভুট্টুর কাছে নিয়ে যায় তারা।
“চেয়ারম্যান গৃহবধূর মাথার চুল কাটতে চাইলে ওই গৃহবধূ চেয়ারম্যানের পা ধরে ক্ষমা চান। এক পর্যায়ে চেয়ারম্যান ওই গৃহবধূর সঙ্গে অশ্লীল আচরণ করেন।
“একই সময় চেয়ারম্যানের নির্দেশে কয়েকজন যুবক ওই যুবকের মাথার চুল কেটে গলায় জুতোর মালা পরায়; তারপর তাকেসহ ওই গৃহবধূকে পুরো গ্রাম ঘোরায়।”
এর আগে চেয়রাম্যান ও স্থানীয় ‘বখাটেরা’ ওই যুবকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে বলে মামলায় অভিযোগ করা হয়, বলেন ওসি।
ওসি বলেন, এ ঘটনায় নির্যাতিতদের ভয়ভীতি দেওয়ায় তারা শনিবার বিকাল পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেননি। এদিকে নির্যাতনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
পরে সোনাগাজী মডেল থানা পুলিশের সহযোগিতায় শনিবার রাতে নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে নারী নির্যাতন আইনে ও নির্যাতিত যুবক নুর আলম বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টুর বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেন। উভয় মামলায় চেয়ারম্যানসহ পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৮/১০ জনকে আসামি করা হয় বলে জানান ওসি।
মামলার পরপরই পুলিশ মামলার প্রধান আসামি নুরুল ইসলাম ভুট্টুকে গ্রেপ্তার করে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি হুমায়ুন কবীর।
