২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সন্তানকে হত্যা করলেন ‘মা’

রাজশাহী নগরীতে নিজের সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে, যাকে মানসিক ভারসাম্যহীন বলছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 11:44 AM

Updated : 12 Apr 2022, 02:53 AM

শনিবার রাতে বুধপাড়া এলাকায় এ ঘটনার পর শিশুটির মা তাসলিমা খাতুনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

নিহত শাহরিয়ার আলম কাব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের শিশু শ্রেণির ছাত্র ছিল। তার বাবা রফিকুল ইসলাম মেহেরচন্ডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। নগরীর সাধুর মোড় এলাকায় রফিকুলের ওষুধের দোকান রয়েছে।

মতিহার থানার ওসি হুমায়ন কবীর জানান, কাব্য ঈদের আগের দিন থেকে মহানগরীর সাধুর মোড় এলাকায় তার নানার বাড়িতে ছিল। শনিবার সন্ধ্যায় কাব্যকে তার পিতা রফিক মাস্টার বাড়ি আনেন। পরে তাকে বাড়িতে রেখে তিনি ওষুধের দোকানে ফিরে যান।

ওসি জানান, রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরে তিনি ঘরের ভেতর থেকে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় প্রতিবেশীদের সঙ্গে নিয়ে দরজা ভেঙে ঘরের মেঝেতে কাব্যের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পাশে মা তসলিমাও অজ্ঞান অবস্থায় পড়েছিলেন।

“খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। শিশুটির সারা শরীরের কোপানোর অসংখ্য চিহ্ন রয়েছে বলে জানান তিনি।”

তিনি আরও বলেন, শিশুটির মা তাসলিমাকে উদ্ধারের সময় তার হাতে চাপাতি পাওয়া গেছে। পুলিশ হেফাজতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার আগে তার জ্ঞান ফিলে আসে।

“তাসলিমা মানসিক ভারসাম্যহীন বলে স্বজনরা জানিয়েছেন,” বলেন ওসি।