মাইক্রোবাসের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত
গাজীপুরে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। আাহত হয়েছেন আরও অন্তত চার যাত্রী।
গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার চক্রবর্তী ফাড়ির এএসআই আব্দুল হামিদ জানান।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। নিহত পল্লী চিকিৎসকের আব্দুল করিম (৪৫) টঙ্গাইলের নাগরপুর থানার জালালিয়া গ্রামের কালু মিয়ার ছেলে।
আহতরা হলেন- গাইবান্ধার হিরু (২৮), কুষ্টিয়ার রাকিবুল (২৮), জাহিদ (২৭)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এএসআই আব্দুল হামিদ জানান, সকাল ৮টার দিকে চক্রবর্তী বাসস্ট্যান্ডের কাছে কালিয়াকৈর থেকে চন্দ্রাগামী ব্যাটারি চালিত অটোরিকশাকে পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই আব্দুল করিম নিহত হন। আহত হন আরও চারজন।
পরে এলাকাবাসীর সহায়তায় আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
