শিশুপুত্রকে ডোবায় ফেলে হত্যা, বাবা গ্রেপ্তার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিজের ছয় মাস বয়সী ছেলেকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বেলকা ইউনিয়নের বেলকা নবাবগঞ্জ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হায়দার মো. আশরাফুজ্জামান।
নিহত সিয়াম (০৬ মাস) ওই গ্রামের স্বপন মিয়ার ছেলে।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন মিয়া (৩০) সন্তান হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পরিদর্শক আশরাফুজ্জামান।
তিনি বলেন, স্বপন মিয়ার সঙ্গে একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে স্বপ্নার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে স্বপ্না অন্তঃসত্ত্বা হয়ে পড়লে প্রায় আট মাস আগে গ্রাম্য সালিশে তাদের বিয়ে দেওয়া হয়।
“বিয়ের তিন মাস পরেই সিয়ামের জন্ম হয়। কিন্তু বিয়ে ও সন্তান স্বপনের পরিবার মেনে না নেওয়ায় তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়।
“ঈদের পর শুক্রবার স্ত্রী ও সন্তানসহ শ্বশুর বাড়িতে যান স্বপন। রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে উঠে তাদের সন্তানকে বিছানায় না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুজি শুরু করে।”
পরে দুপুরের দিকে পরিবারের লোকজন বাড়ির পাশে একটি ডোবায় শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় বলে জানান আশরাফুজ্জামান।
