অটোরিকশায় আগুন, দগ্ধ হয়ে ঠিকাদারের মৃত্যু
গোপালগঞ্জ সদর উপজেলায় অটোরিকশায় আগুন ধরে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে সদরের বক্ষব্যাধী হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি সেলিম রেজা।
নিহত মিজানুর রহমান ওরফে ঝন্টু সিকদারের (৫৫) বাড়ি উপজেলার সোনাকুড় গ্রামে।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, ঝন্টু সিকাদার শহর থেকে বোতলে করে পেট্রোল কিনে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে বক্ষব্যাধী হাসপাতালের সামনে গাড়ি দাঁড় করিয়ে চালককে চা আনতে পাঠান তিনি।
“চা নিয়ে এসে চালক দেখেন গাড়িতে আগুন লেগেছে। এ সময় চালকের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ঝন্টুকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
এটি দুর্ঘটনা না কি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
