২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ঘরে নারীর ঝুলন্ত লাশ, স্বামী আটক

সাভারে নিজেদের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত এক নারীর মৃতদেহে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2016, 11:35 AM

Updated : 20 Aug 2022, 01:40 PM

নিহত হাফিজা আক্তার রানী (১৯) সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লার রেজাউল করিমের স্ত্রী। তিনি খুলনার পাইগাছা উপজেলার গোপালপুর গ্রামের হাফিজুর রহমানের মেয়ে।

সাভার নিউ মার্কেটে ‘খুলনা থ্রী পিস হাউজ’ নামে রেজাউলের কাপড়ের দোকান রয়েছে।

শুক্রবার গভীর রাতে তাদের ঘর থেকে হাফিজার লাশ উদ্ধার করা হয় বলে সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান।

হাফিজুরের অভিযোগ, যৌতুক দাবি করে না পেয়ে রেজাউলই তার মেয়েকে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দীর্ঘদিন ধরে রেজাউল যৌতুকের জন্য হাফিজাকে চাপ দিয়ে আসছিল। ঈদের আগে তাকে কিছু টাকাও দেওয়া হয়।

“রেজাউল আরও টাকা দাবি করলে শুক্রবার রাতে হাফিজার সঙ্গে তার কথা কটাকাটি হয়।এক পর্যায়ে হাফিজা টাকা এনে দিতে অস্বীকার করলে রেজাউল তাকে হত্যা করে লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে।”

তবে ওসি কামরুজ্জামান বলেন, “সকালে রেজাউল পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশীদের সন্দেহ হলে তাকে আটকে রাখে। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে থানায় নিয়ে যায়।

“এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা নিশ্চিত করা যাবে।”

নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।