২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের দাবিতে স্ত্রীকে ডোবায় চুবিয়ে হত্যা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক গৃহবধূকে ডোবার পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2016, 08:09 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

শুক্রবার উপজেলার এরেণ্ডবাড়ী ইউনিয়নের দক্ষিণ হরিচণ্ডি গ্রামের একটি ডোবা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে জানান ফুলছড়ি থানার ওসি আব্দুল খালেক।

নিহত রাশেদা বেগম (১৯) ওই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে।

ঘটনার পর থেকে পলাতক রয়েছে রাশেদার স্বামী আল-আমিন। তিনি একই ইউনিয়নের সন্ন্যাসির চর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

ওসি খালেক বলেন, প্রায় সাত মাস  আল-আমিন ও রাশেদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই আল আমিন যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রায়ই মারধর করত।

“এর মধ্যে বৃহস্পতিবার সকালে রাশেদা স্বামীকে সাথে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসে। সেখানে গিয়েও যৌতুকের টাকার জন্য রাশেদাকে চাপাচাপি করতে থাকে আল আমিন।

“এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে কথা বলার জন্য রাশেদাকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যান আল-আমিন। এরপর আর কেউ বাড়িতে ফেরেনি।”

শুক্রবার সকালে বাড়ির পাশে একটি ডোবায় রাশেদার শাড়ির আঁচল দেখতে পেয়ে তার পরিবার পুলিশে খবর দেয় বলে জানান ওসি।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাশেদাকে শ্বাসরোধ অথবা পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে।