২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ থেকে অপহৃত শিশু বগুড়ায় উদ্ধার, আটক ২

নওগাঁ থেকে অপহৃত এক শিশুকে পাঁচ দিন পর বগুড়ার ধুনট থেকে উদ্ধার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2016, 06:45 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

শুক্রবার উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের শহড়াবাড়ী ঘাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও দুই অপহরকারীকে আটক করা হয় বলে জানান ধুনট থানার এসআই খোকন কুণ্ডু।

উদ্ধার সাগর রাসিব (৯) নওগাঁর বালুডাংগা গ্রামের পিন্টু মিয়ার ছেলে।

আটককৃতরা হলেন, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জাংগালিয়া গ্রামের মেজবাউল ইসলামের ছেলে সুজন মিয়া (৩০) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার চর দৌলতপুর গ্রামের আজিজ মিয়ার মেয়ে রাবেয়া খাতুন (১৮)।

এসআই খোকন বলেন, সুজন বালুডাংগা গ্রামে পিন্টু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। সেই সুবাদে তাদের সাথে সু-সম্পর্ক গড়ে ওঠে।

“গত ১২ সেপ্টেম্বর পিন্টু মিয়ার ছেলে সাগর রাসিবকে ঈদের জুতা কিনে দেওয়ার কথা বলে তাকে নিয়ে বাড়ি থেকে বের হয় সুজন। কিন্তু পরে মোবাইল ফোনে পিন্টুর কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।”

তিনি বলেন, এ ঘটনায় ওই দিনই নওগাঁ সদর থানায় মামলা করেন পিন্টু। গোপন খবরে শুক্রবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে সাগর রাসিবকে উদ্ধার ও অপহরণকারী সুজন মিয়া ও রাবেয়া খাতুনকে আটক করে।