২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাত্রী দেখতে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত ৮

পাত্রী দেখতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে আট মাইক্রোবাস আরোহী নিহত হয়েছেন; যাদের মধ্যে রয়েছেন পাত্রসহ তার পরিবারের চার সদস্য।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2016, 11:54 AM

Updated : 11 Oct 2022, 08:43 PM

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বিজয়নগর উপজেলার শশই ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হন বলে ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. হুমায়ুন কবির জানান।

নিহতরা হলেন- মৌলভীবাজার শমসেরনগর উপজেলার রূপপুর গ্রামের আবু সুফিয়ান (৩০), তার বাবা হাদিউর রহমান (৫৫), চাচা মোরশেদ মিয়া (৪০), চাচাত ভাই আলী হোসেন (১২), একই গ্রামের আবদুল হান্নান (৬০), আবদুল মুকিত (৭০), সায়েদুর রহমান (৪০) ও দরুদ মিয়া (৪৬)।

দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

ওসি জানান, সিলেটমুখী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান।

“আহত চারজনের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে আরও একজনের মৃত্যু হয়।”

ওই গাড়ির আরোহী শমসেরনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল আলী জানান, তারা আবু সুফিয়ানের জন‌্য পাত্রী দেখতে ঢাকার নাখালপাড়ায় যাচ্ছিলেন।

মাইক্রোবাসের চালক গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান তিনি।

বিজয়নগর থানার ওসি আলী আরশাদ বলেন, দুর্ঘটনার পরপরই হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধারকাজ শুরু করেন।

মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানগুলো সরিয়ে নেওয়ার পর যান চলাচল শুরু হয়।