টঙ্গীর রেললাইনে অজ্ঞাতপরিচয় নারী নিহত
গাজীপুরের টঙ্গীতে রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আনুমানিক ৩৫ বছর বয়সী এ নারী কাটা পড়েন বলে জানান টঙ্গী রেলওয়ে ফাঁড়ির সহকারী এএসআই এমদাদুল হক।
তার পরনে রয়েছে সাদাটে ছাপা শাড়ি।
এএসআই স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস টঙ্গী রেলওয়ে জংশন পার হওয়ার পর স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই ওই নারী রেললাইনে শুয়ে পড়েন।
“ট্রেন হুইসেল বাজালেও তিনি সরেননি। দ্রুতগামী ট্রেনটি তার ওপর দিয়ে চলে গেলে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
ওই নারী কোনো কারণে অজ্ঞান হয়ে পড়েছিলেন নাকি আত্মহত্যা বা এর পেছনে অন্য কিছু আছে কিনা তা পরিষ্কার নয় বলে জানান এএসআই এমদাদুল।
তিনি বলেন, পুলিশ বিষয়টি জানার চেষ্টা করছে।
