ঈদের পরে ঈদের খুশি সিলেট জুড়ে
পাথরের বিছানা বলে পরিচিত নয়নাভিরাম বিছনাকান্দি, পাহাড়-টিলার ঢেউ খেলানো চা-বাগান, আছে নির্জন লালাখালের স্বচ্ছ নীল জলরাশি, পিয়াইন নদীর ওপর ঝুলন্ত সেতু অথবা পাহাড়ি ঝর্ণা পান্তুমাই, ইত্যাদি দর্শনীয় স্থান।
ঈদের ছুটিতে মানুষ ছুটে আসছে সিলেটে।
ইতোমধ্যেই আগাম ভাড়া হয়ে গেছে হোটেল-মোটেলের সব রুম, জানালেন সিলেট হোটেল গেস্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এ টি এম শোয়েব আহমদ।
বুধবার সকাল থেকে সারাদেশ থেকে পর্যটকরা আসতে শুরু করেছে বলেও তিনি জানান।
বিছনাকান্দিতে বেড়াতে আসা ঢাকার আজিমপুরের বাসিন্দা সানজিদা ইতি বলেন, “আকাশছোঁয়া সবুজ পাহাড়ের মাখামাখি, সাথে স্বচ্ছ পানির কলকাকলি, তপ্ত রোদে ঝর্ণার শীতল পানিতে গা ভাসিয়ে দারুণ লাগছে। এখানে এসে ঈদের আনন্দে যোগ হয়েছে বাড়তি মাত্রা।”
“পরিবার-পরিজন নিয়ে এবারই প্রথম সিলেটে। এই স্থানগুলো শুধু টিভিতেই দেখেছি। সময়-সুযোগের অভাবে আগে আসা হয়নি। এবার ঈদের ছুটিতে এসে ভালো লাগছে।”
দিনাজপুর থেকে ২০ জনের একদল তরুণ এসেছে জাফলংয়ে। তাদের একজন সাজ্জাদ হোসেন:
“পাথরের বুক চিরে নেমে আসা পানির স্রোতধারা আমাদের বিমোহিত করেছে। সিলেটের সৌন্দর্য যেন রংধনুর সাত রঙের মতো। সবুজের সমারোহে ঢেকে থাকা একেকটা জায়গা একেক রকম আনন্দ দেয়।”
ভিড় বেড়েছে শিশুপার্কেও। ওসমানী শিশু উদ্যান, অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, জাকারিয়া সিটি, ড্রিমল্যান্ড পার্কে দুপুর থেকেই দেখা গেছে শিশুদের নিয়ে অভিভাবকদের ভিড়।
“শিশুদের ঈদের আনন্দে রাঙিয়ে তুলতেই এখানে আসা। শিশুরা বিভিন্ন রাইডে চড়ে খুব খুশি হচ্ছে।”
পর্যটকদের নিরাপত্তার জন্য সব বিনোদন কেন্দ্রে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, সব স্পটেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যটন পুলিশ পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দিচ্ছে।
