খুলনায় স্বামী-স্ত্রী খুন, আটক ২
খুলনায় স্বামী-স্ত্রীকে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে, যাদের পেট কাটা ছিল। নিহত গৃহবধূ অন্তঃসত্ত্বা ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
তেরখাদা উপজেলার ইখড়ী গ্রামের দুটি পুকুর থেকে বুধবার এ দুজনের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- খসরুল আলম মোল্লা ওরফে খায়রুল (৪০) এবং তার স্ত্রী লিপি বেগম (৩০)।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মো. কামাল (২৪) ও আরজ আলী ওরফে রসুল (৩০) নামে দুই যুবককে আটক করেছে।
স্বজনদের বরাত দিয়ে তেরখাদা থানার ওসি মেসবাহ উদ্দিন জানান, ঈদের দিন রাতে ইখড়ী উত্তরপাড়ার আরজ আলী, কামাল ও তরিকুলের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন খসরুল ও লিপি। তারা আর বাড়ি ফিরে আসেননি।
“সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ বাড়ির পাশের মসজিদের দুটি পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।”
ওসি বলেন, খসরুল আলম মোল্লার গলায় রশি ও স্ত্রীর গলায় ওড়না বাঁধা এবং দুজনেরই পেট কাটা ও নারিভুঁড়ি বের করা ছিল। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কাটার চিহ্ন রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ওসি জানান, খশরুল ও লিপি তিন সন্তানের বাবা-মা। লিপি গর্ভবতী ছিলেন।
