দিনাজপুরে বাস উল্টে নিহত ৪
দিনাজপুর সদর উপজেলায় বাস উল্টে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪৫ জন।
বুধবার বেলা ২টার দিকে উপজেলার উত্তর গোসাইপুর এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান।
নিহতদের মধ্যে দিনাজপুর শহরের ফকিরপাড়ার জাকির হোসেনের স্ত্রী ফারজানা (৪০) ও নতুনপাড়ার রুবেল হোসেনের ছেলে সায়েম (৪) রয়েছে। তবে বাকি দুজনের পরিচয় জানাতে পারেননি তিনি।
আহত ৩৩ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিনাজপুর থেকে রংপুরমুখী বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে তা সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
