আশুলিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে ২ নারীর মৃত্যু
ঢাকার আশুলিয়ায় প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে বাস খাদে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির।
তিনি বলেন, আশুলিয়ার বাইপাইল থেকে আব্দুল্লাপুরগামী খেয়া পরিবহনের একটি বাস মহাসড়কের মরাগাং এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়।
“এ সময় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে তুরাগ নদীতে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়।”
পরে স্থানীয় লোকজন ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা বাস থেকে আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠায় বলে জানান তিনি।
আহতদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানালেও ওসি তাদের পরিচয় জানাতে পারেননি।
দুর্ঘটনায় পড়া প্রাইভেটকারের সামনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
