২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কুরবানি আলেই পেট ভরে গোস্ত খাই’

ঈদের সকালে শামসুর চোখেমুখে আনন্দ। হাতে মাংসের থলি। বৃদ্ধা সোনাভানের মুখেও হাসি। মাংসের ব্যাগ নিয়ে ছুটছেন বাড়ির দিকে।

জিয়া শাহীন

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2016, 09:41 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

সারা বছর না পেলেও কোরবানির ঈদের দিন তারা মাংস খেতে পান। পরিবারের সবাইকে নিয়ে পেটপুরে মাংস খাওয়ার ইচ্ছা মিটিয়ে নেন বগুড়ার যমুনাপাড়ের দরিদ্র পরিবারের লোকগুলো। 

কোরবানির দিন মঙ্গলবার বগুড়ার যমুনা পাড়ে গ্রামে গ্রামে ছিল এমনই দৃশ্য।

বিকালে ধুনট ও সারিয়াকান্দী উপজেলায় সরজমিনে দেখা গেছে গরিব মানুষের ঈদের আনন্দ।

যারা কোরবানি দিতে পারেন তারা তালিকা করে প্রতিটি গরিব পরিবারের মধ্যে মাংস বিতরণ করেন।

ধুনট উপজেলার চিথুলিয়া গ্রামের শামসুর হাতে মোড়ানো মাংসের ব্যাগ। হাসতে হাসতে বলেন, “গরিব মানুষের কুরবানি নিয়ে যাবান্নিছি। আজ বউ-ছলপোল নিয়ে পেট ভইরে গোস্ত খামু।

“কুরবানি আলেই পেট ভরে গোস্ত খাই। দাম বেশি, তাই কিনবার পাই না। বউ-পুলাপান নিয়ে আমরা ছয়জন। গোস্ত পাছি পাঁচ সের।”

একই উপজেলার বড়বাড়ি গ্রাম থেকে মাংস নিয়ে ফিরছিলেন বৃদ্ধা সোনাভান। তিনি বলেন, “আল্লাহ কুরবানির সময় একদিন গোস্ত মাপায়। আমরা দুইজন। গোস্ত পাছি দুই সের। মেলাদিন গোস্ত খাই না। আজ খামু।”

সরজমিনে দেখা গেছে, ধুনট উপজেলার যমুনাপারের চিথুলিয়া, গোসাইবাড়ী, মবুয়াখালী, বড়বিলা ও সারিয়াকান্দী উপজেলার বোহাইলের চর, কামালপুর, দড়িপাড়াসহ অন্যান্য এলাকায় গরিব মানুষের মাঝে বিশেষ পদ্ধতিতে কোরবানির মাংস বিতরণ করা হয়।

যারা কোরবানি দেয় তারা তিন ভাগের এক ভাগ মাংস গ্রামের একটি নির্দিষ্ট জায়গায় রেখে যায়। গ্রামীণ সমাজের পক্ষ থেকে গঠিত কমিটি মাংস পরিমাপ করে। তারপর আগে থেকে লিপিবদ্ধ গরিবের সংখ্যা দিয়ে ভাগ করে মাথাপিছু সমান হারে বিতরণ করা হয়। সবার ঘরে পৌঁছে যায় কোরবানির আনন্দ।

চিথুলিয়া গ্রামের বাসিন্দা সাবেক শিক্ষক জহুরুল ইসলাম বলেন, সবার মাংস এক জায়গায় করে তা লোকসংখ্যা ও পরিবার হিসাব করে বণ্টন করা হয়। ফলে কেউ বাদ পড়ে না। সবার ঘরে ঘরে মাংস পৌঁছে যায়।

“গরিব মানুষ অনেকেই মাংস কিনতে পারে না। এই পদ্ধতিতে বণ্টনের ফলে বছরের অন্তত একটি দিন হলেও তারা পেট পুরে মাংস খেতে পায়। এটাই আমাদের কোরবানির সার্থকতা।”

একই গ্রামের বাসিন্দা একটি কলেজের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, “গ্রামের বাড়িতেই কোরবানি দেই। কারণ গ্রামের মানুষের হক রয়েছে।”